আওয়ামী লীগ নেতাকে নিয়ে মাদকবিরোধী আলোচনা করলেন মতলব উত্তরের এসআই জাফর আহমেদ

 

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বড়হলদিয়া গ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আওয়ামী যুবলীগের নেতা মফিজুল ইসলামকে নিয়ে আলোচনা হওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তাকে কেন্দ্র করে আয়োজিত এই আলোচনা সভা নিয়ে গ্রামীণ সমাজে নানা ধরনের প্রশ্ন উঠেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত সভায় ‘‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী কার্যক্রম গ্রহণ ও মাদক বিরোধী প্রচারণা’’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই জাফর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ফরাজীকান্দী ইউনিয়নের বিট অফিসার এসআই দেলোয়ার হোসেন ও এএসআই মনির হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামকে কেন্দ্র করে মাদক বিরোধী এই সভা আয়োজনকে অনেকেই ইতিবাচকভাবে দেখলেও, অন্য একটি অংশ এ বিষয়ে আপত্তি জানিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, মাদক প্রতিরোধের আলোচনায় বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিকে ঘিরে আয়োজন করাটা সমীচীন হয়নি।

এ ব্যাপারে জানতে মতলব সার্কেল সহকারী পুলিশ সুপার খায়রুল কবির’কে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Loading

শেয়ার করুন: