চান্দ্রায় মেয়ের গায়ে হলুদে বাবার ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিনিধি:

প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো মিলাদ মাহফিল বা ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান। কিন্তু তা নয়। নিজের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে কোনো গান-বাজনা না করিয়ে পবিত্র কোরআন খতম, ইসলামী সংগীত, মিলাদ ও দোয়ার আয়োজন করেছে কনের পরিবার। শুধু তাই নয়, গায়ে হলুদের অনুষ্ঠানে বাবা মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে পবিত্র কোরআন শরীফ তুলে দেন মেয়ের হাতে। আর বাবার এমন উদ্যোগে আশপাশের মানুষের প্রশংসায় ভাসছেন তিনি ও তার পরিবার। ব্যতিক্রমী এই আয়োজনটি ছিলো চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে

ওই গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে। শুক্রবার (১১ এপ্রিল ) দিবাগত রাতে তার জ্যেষ্ঠ কন্যা তাছমিয়া আঞ্জুম নিধীর গায়ে হলুদের অনুষ্ঠান হয়।

প্রচলিত রীতি অনুযায়ী গায়ে হলুদ অনুষ্ঠানের জন্যে সাজানো হয় মঞ্চ। তৈরি করা হয় নান্দনিক স্টেজ। কিন্তু এরপরই সবাইকে অবাক করে কনের বাবা মামুন পাটোয়ারী গায়ে হলুদের মঞ্চে এলাকার হাফেজ ও ইমামদের নিয়ে কোরআন খতম, দোয়া ও মিলাদের অনুষ্ঠান করেন। শুধু তাই নয়, কোরআন খতম ও ইসলামী সংগীত পরিবেশন শেষে মেয়ের হাতে তুলে দেন পবিত্র কোরআন শরীফ।

এদিকে ব্যতিক্রম এমন আয়োজনে খুশি স্থানীয়রাও। তাদের দাবি, এমন আয়োজন উপভোগ করেছেন সবাই। অন্যান্য বিয়েতে নাচ-গান করা হলেও ইসলামিক রীতি মেনে গায়ে হলুদের এমন আয়োজন কোথাও দেখেন নি তারা। এদিকে গান-বাজনা না থাকলেও গায়ে হলুদে ধর্মীয় এমন আয়োজনে খুশি বর ও কনে পক্ষের মেহমানরাও। এদিন শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধ সকলে একত্রে গায়ে হলুদ অনুষ্ঠানটি উপভোগ করতে পেরেছেন বলে দাবি তাদের।

প্রতিটি মানুষের জন্যে বিবাহ সুন্নত। বিয়ে যেহেতু শরীয়তের একটি বিধান, সে ক্ষেত্রে বিয়ের অনুষ্ঠানে শরীয়তের প্রথা তথা ইসলামিক আইন পালন করা সুন্নত বলে জানান স্থানীয় পূর্ব বাখরপুর বাইতুল সালাত জামে মসজিদের খতিব মাওলানা নূর মুহাম্মদ চাঁদপুরী।

এদিন বর মোহাম্মদ শরীফ পাটোয়ারী ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে বাড়িতে হাজির হলে যোগ হয় বাড়তি আকর্ষণ। এ সময় কনে পক্ষ তাকে অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। বর শরীফ পাটোয়ারী পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি ঢাকার ডেমরা এলাকার হাজী মো রতন পাটোয়ারীর ছেলে।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button

Loading

শেয়ার করুন: