ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে চাঁদপুর জেলাজুড়ে বিভিন্ন ইসলামী সংগঠনসহ শিক্ষার্থীদের বিক্ষোভ

 

মাসুদ রানা ॥

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল চাঁদপুর:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল ) সকাল ১১টায় হাসান আলী হাই স্কুল মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলটি হাসান আলী মাঠ থেকে বাস স্ট্যান্ড অভিমুখী সড়ক হয়ে চাঁদপুর শহরের শপথ চত্বর বাইতুল আমিন জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী-পেশার মুসলমানগণ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর দ্রুত হামলা বন্ধের দাবি জানান। এছাড়াও বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান।
ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তাদের পণ্যবর্জনের ডাক দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা

বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ :

চাঁদপুর শহর জামায়াত ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও তাদের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে শহরের রেলওয়ে বাইতুল আমিন মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে বক্তারা ইসরাইলের সকল পণ্য বর্জনের ডাক দেন জামায়াত ইসলামীর নেতারা।

শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন ইসরাইলি ইহুদিবাদী জনতা বাহিনী নিরীহ মুসলিম ফিলিস্তিনের উপর যেভাবে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সারা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি ইহুদিবাদী রক্ত পিপাসুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে সারাদেশে ব্যবসায়ীদের প্রতি ইজরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমরা মুসলমান হিসেবে ঈমানী দায়িত্ব নিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সব সময় আমাদের ভূমিকা সব ধরনের অব্যাহত থাকবে।
শহর জামাতে সেক্রেটারী শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম প্রধানিয়া, শহর ছাত্রশিবিরের সভাপতি মহররম আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সদর উপজেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসাইন খান, শহর জামায়াতের সহ সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম সবুজ খান প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইতুল আমিন মসজিদ চত্বর থেকে শুরু করে নতুন বাজার গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।
জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তাদের দলীয় নেতা কর্মীসহ সকল তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।

ইসলামী আন্দোলন চাঁদপুর :

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন বলেছেন, বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনে যে নারকীয় তান্ডব চালাচ্ছে তা কোনোভাবেই সহ্য করার মতো নয়। সেখানে আমাদের মা-বোন ও শিশুদের আর্তচিৎকার আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে প্রতিনিয়ত। ইসরায়েলের পণ্য বয়কটের মাধ্যমে আমাদেরকে ফিলিস্তিনবাসীর পক্ষাবলম্বন জানান দেয়ার সময় এসেছে। সময় এসেছে ইসরায়েলকে রুখে দেয়ার। আজ থেকে আমরা ইসরায়েলের কোনো পণ্য বিক্রি করবো না এবং খরিদও করবো না। বিশ্ববরেণ্য আলেম আল্লামা তাকী উসমানী ইসরায়েলি পণ্য হারাম ঘোষণা করেছে। অতএব হারাম মাল আমরা কেউ খরিদ করে আমারা মা-বোন ও শিশু বাচ্চাদের পেটে, পিঠে বিদ্ধ হওয়া গুলি ক্রয়ের সুযোগ দেব না।

সোমবার বাদ জোহর মজলুম গাঁজাবাসির আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, জয়েন্ট সেক্রেটারি শহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন খান, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ শরিফুল্লাহ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দীন মিয়াজী, ডা. বেলাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা মজিবুর রহমান, হাফেজ শাহাদাত হোসাইন প্রধানীয়া, ডালিম চৌধুরী, শরিফ মৃধা, মাওলানা আনসার আহমাদ, মাওলানা আবুল বাশার, মুফতি ইমরান হোসাইন, ডিএম ফয়সাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, সময় এসেছে তামাম দুনিয়া থেকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার। সময় এসেছে ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার। নেতিনিয়াহু ফিলিস্তিনে হামলা করে দম্ভোক্তি করে বলেছে “এই হামলাই শেষ নয়”। আমরা পরিস্কারভাবে বলতে চাই নেতানিয়াহু তোমার দিন শেষ হয়ে আসছে। আজ সারা দুনিয়াবাসি তোমার প্রতি যে ঘৃণা, ক্ষোভ ও থুথু নিক্ষেপ করেছে। সে ঘৃণা আর ক্ষোভের আগুনে তুমি ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলও ধ্বংস হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, অবিলম্বে ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েকদিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সমাবেশ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিশাল এক গণমিছিল স্টেডিয়াম রোড, মিশন রোড, ছায়াবানী মোড়, চিত্রলেখা মোড়, কুমিল্লা রোড হয়ে বিপণীবাগ এসে জেলা সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও বিক্ষোভ হয়েছে। সাধারণ শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের জনতা এবং বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

Loading

শেয়ার করুন: