ফুটবল খেলা শেষে ফেরার পথে দর্শকদের মধ্যে সংঘর্ষ, আহত -১০

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসক( ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা শেষে ফরিদগঞ্জের দর্শকদের বহনকারী বাসে মতলব দক্ষিণ উপজেলার সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। দুই পক্ষের অন্তত ১০ জন দর্শক আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেলে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা দল ২-১ গোলে মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে। খেলা চলাকালীন থেকে দুই দলের দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এদিকে দুই দলের দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনার চাঁদপুর-কুমিল্লা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।

ফরিদগঞ্জের আহতরা জানান, ফরিদগঞ্জ ফুটবল দল জয়ী হয়ে মাঠ ছাড়ার পর সমর্থকরা একটি বাসযোগে নিজ এলাকায় ফিরছিলেন। এ সময় মতলব দক্ষিণ উপজেলার সমর্থকদের একটি বাস থেকে কয়েকজন নেমে এসে ফরিদগঞ্জের সমর্থকবাহী বাসে অতর্কিত হামলা চালায়। তাদের ইট-পাটকেল নিক্ষেপে বাস ভাঙচুর করে।

আহত মারুফ (১৮) বলেন, “আমরা খেলায় জিতে আনন্দে ফিরছিলাম। হঠাৎ ওয়ারলেস মোড়ে মতলবের কয়েকজন আমাদের বাসে হামলা চালায়। বাসের কাচ ভেঙে গেলে আমার, সিহাব (১৭) ও আবিরের (১৮) হাতে কেটে যায়।”

বাসচালক জানান, “দর্শকরা বিজয়ের উল্লাস করতে করতে ফিরছিলেন। হঠাৎ কয়েকজন এসে লাঠি দিয়ে গাড়ির জানালার কাচ, সাইড মিররসহ বিভিন্ন অংশ ভেঙে দেয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।”

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন সজিব বলেন, “খেলা শেষে আমরা খেলোয়াড়দের গোছগাছ করছিলাম। পরে খবর পাই, আমাদের দর্শকদের বহনকারী বাসে হামলা হয়েছে। ফরিদগঞ্জে ফিরে দেখি বাসটি ভাঙচুর করা হয়েছে। খেলা শেষে এমন আচরণ একেবারেই অপ্রত্যাশিত ও দুঃখজনক।”

মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফয়সার খন্দকার বলেন, খেলা শেষে যাওয়ার সময় আমাদের দেখে ফরিদগঞ্জ দলের দর্শকরা ভুয়া ভুয়া বলতে থাকে। বিপরীতে দর্শকরা প্রতিবাদ করায় তারা বাস থেকে নেমে আমাদের খেলোয়ারদের বহনকারী বাসটিতে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে ক্রীড়া সংস্থার সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ, কোচ লিটন,খেলোয়ার সাগর, ফাহিম, দুর্জয়, ইকবাল, সৌরভ, হাসিব, তামিমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বলেন,খেলার হারজিতকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এখনো কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Loading

শেয়ার করুন: