মঠখোলায় ভেঙে পড়লো দীর্ঘ পুরোনো বটগাছ

 

সাইম পাটওয়ারী

মঠখোলার শিবখোলায় অবস্থিত দীর্ঘ বছরের পুরোনো একটি ঐতিহাসিক বটগাছ হঠাৎ করেই ভেঙে পড়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বটগাছটি শিবখোলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি প্রতীক ছিল। প্রতি বছর এই গাছের নিচেই অনুষ্ঠিত হতো ‘শিব্বিরা’ নামক ঐতিহ্যবাহী ধর্মীয় মেলা, যা পহেলা বৈশাখের আগের দিন উদযাপিত হয়। বহু বছর ধরে এই গাছ ছিল মঠখোলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ।

শনিবার রাতে বটগাছটি হঠাৎ করে রাস্তায় এবং আশপাশের বসতবাড়ির উপর ভেঙে পড়ে। এতে কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিলেও, কোনো হয় নি। এলাকাবাসী এটিকে এক বড় দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন,এই গাছ আমাদের শিকড়ের মতো। ছোটবেলা থেকে দেখে আসছি। এটা শুধু গাছ না, আমাদের ইতিহাসের অংশ। আমার বাপ-দাদারাও এই গাছের গল্প বলতেন।

আরেকজন স্থানীয় বাসিন্দা জানান,এই গাছের নিচে মানুষের কত স্মৃতি! আগে এখানে মেলা হতো, দূর-দূরান্ত থেকে মানুষ আসতো। এখন তো কালের সাথে সাথে সব কিছু হারিয়ে যাচ্ছে।

গাছটি ভেঙে পড়ার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছটির অতিরিক্ত বয়স ও সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

শিববাড়ি ও ঠাকুরবাড়ির উদ্যোগে সকালে গাছটি রাস্তা এবং বসতবাড়ির উপর থেকে কেটে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান সোহাগ আচার্য। তিনি বলেন, “হঠাৎ করেই বটগাছটি হেলে পড়ে যায়। আমরা সকালের দিকেই দ্রুত উদ্যোগ নিয়ে রাস্তা ও বাড়ির উপর থেকে গাছটি সরিয়ে ফেলেছি।” এই প্রাচীন বটগাছটির পতনে শুধু একটি গাছই নয়, হারিয়ে গেল শিবখোলার একটি জীবন্ত ইতিহাস ও সংস্কৃতির অংশ।

Loading

শেয়ার করুন: