হাইমচরে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় লুটপাট ও ভাঙচুর

হাইমচর প্রতিনিধি:
বাংলা নববর্ষের প্রথম দিনেই চাঁদপুরের হাইমচরে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাংলা বাজারে সংঘটিত এই ঘটনায় ভুক্তভোগী হাবিব ভূঁইয়া প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আজ ভোরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হাবিব ভূঁইয়ার দোকানে হামলা করে। তারা দোকান থেকে ২৫০ বস্তা আলু, ১৫৬ বস্তা পেঁয়াজ, ১০০ বস্তা রসুন, ৮৮ বস্তা আদা এবং নগদ ৬ লক্ষ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হামলায় বাধা দেওয়ায় হাবিব ভূঁইয়া ও তার বাবাকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী হাবিব ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে জায়গা জমির বিষয় নিয়ে বিবাদীদের সাথে তার বিরোধ চলছিল এবং তারা তার ব্যবসা দখলের হুমকি দিচ্ছিল। তিনি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়ে ওই জমিতে ব্যবসা করছেন এবং তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

শেয়ার করুন: