হাসান মাহমুদ
হাজীগঞ্জে বাজারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট তানজিনা জাহান তাদেরকে জরিমানা করেন। গ্যাস সিলিন্ডারের দাম স্থিতিশীল রাখতে সোমবার বিকালে তিন ব্যবাসায়ীকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে সারাদেশে অতিরিক্ত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বিক্রি করার অভিযোগ উঠেছে। এর ব্যতিক্রম হাজীগঞ্জ নয়। এ বিষয়ে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
সোমবার হাজীগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে বিক্রয় রশিদ না থাকায় এবং অধিক দামে বিক্রি করার দায়ে মেসার্স মর্ডান স্যানেটারী ৫ হাজার টাকা, ডিএন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও আইগ্যাজ গ্যাসকে ৫ হাজারসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিলিন্ডারের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান অব্যাহৃত থাকবে।
![]()