সাইম পাটওয়ারী ॥
চাঁদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে দ্রুত উন্নয়ন ও জনপ্রিয়তা অর্জন করছে বাবুরহাট। চাঁদপুর শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জনপদটি বর্তমানে শহরতলী এলাকায় রূপ নিচ্ছে। জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার প্রবেশমুখ হিসেবে কাজ করে বাবুরহাট ফলে এটি এখন মিলনস্থল হিসেবে পরিচিত।
বাবুরহাট এলাকায় অবস্থিত বিসিক শিল্প এলাকা এবং চাঁদপুর কেন্দ্রীয় কারাগার, এর কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। এছাড়াও, এখানে রয়েছে একটি ঐতিহাসিক বাজার — বাবুরহাট বাজার, যা প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার জমে ওঠে। এই বাজারটি চাঁদপুর-কুমিল্লা সড়কের পাশে অবস্থিত এবং চাঁদপুর জেলার প্রাচীনতম বাজারগুলোর একটি হিসেবে খ্যাত।
এই এলাকার গর্ব বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, যা চাঁদপুর জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দিন দিন বাবুরহাট এলাকায় ঘরে উঠছে বিভিন্ন নাম করা শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কেন্দ্রবিন্দু ।
বাবুরহাট হয়ে বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের সড়কপথে যাতায়াত সহজতর হয়েছে। এখানে ২৪ ঘণ্টা বিভিন্ন দূরপাল্লার যানবাহন পাওয়া যায়। বিশেষ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মানুষদের জন্য এটি রাজধানী ঢাকা যাত্রার অন্যতম সহজ পথ হিসেবে বিবেচিত।
বাবুরহাট-পেন্নাই সড়কটি চালকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে দুটি গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে বাবুরহাট থেকে সিরাজচর হয়ে দাউদকান্দি আরেকটি রোড বাবুরহাট থেকে নারায়ণপুর হয়ে গৌরীপুর হাইওয়ে চাঁদপুর জেলা বাংলাদেশের একটি মধ্যবর্তী অঞ্চল, যেখান থেকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার সাথে দ্রুত যোগাযোগ সম্ভব। বাবুরহাট থেকে সরাসরি যাওয়া যায় চাঁদপুর জেলার যেই সব উপজেলা যেমন: মতলব দক্ষিণ, মতলব উত্তর, হাইমচর, ফরিদগঞ্জ, কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জে।
বর্তমানে বাবুরহাট চাঁদপুর-কুমিল্লা-পেন্নাই আঞ্চলিক সড়কের দিন দিন একটি গুরুত্বপূর্ণ রোড পরিণত হয়েছে। এখানে রয়েছে মাইক্রো স্ট্যান্ড, জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহন এর প্রধান বাসস্ট্যান্ড। এসব সুবিধা বাবুরহাটকে জনগণের কাছে দিন দিন আরও জনপ্রিয় করে তুলছে।
অবকাঠামো ও পরিবহন সুবিধা বৃদ্ধির ফলে বাবুরহাট দ্রুত ঘনবসতিপূর্ণ শহরতলী হিসেবে গড়ে উঠছে। উন্নয়ন পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই এলাকা চাঁদপুর জেলার মধ্যে একটি আধুনিক শহরে রূপ নিতে চলেছে।
![]()