মাসুদ রানা ॥
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা, শপথ গ্রহণ, যুব পুরস্কার, যুব ঋণের চেক, মাছ অবমুক্তকরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, শপথ গ্রহণ, যুব পুরস্কার, যুব ঋণের চেক, মাছ অবমুক্তকরণ ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে অংশ নেয়া যুবদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠনের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় জেলা প্রশাসক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর তরুণদের জন্য নানা ধরনের সুযোগ ও প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে, কিন্তু অল্প কিছু মানুষই সেগুলো কাজে লাগাচ্ছে। শুধু যুবকদের দোষ দিয়ে লাভ নেই। দেশের সামাজিক ও শিক্ষাব্যবস্থাতেও পরিবর্তন আনা জরুরি।
তিনি বলেন, বইয়ের পড়াশোনার পাশাপাশি সামাজিক শিক্ষা ও বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। সারা বছরের কাজের মাধ্যমে যুবকরাই সমাজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তি নির্ভর হতে হবে। তা না হলে আমাদের পিছিয়ে পড়তে হবে।
আরও বলেন, আমাদের তরুণদের শুধু মেধাবী হওয়াই নয়, যোগ্যতার মাধ্যমে উন্মুক্ত প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে হবে। প্রযুক্তি সম্পর্কে ধারণা বাড়াতে হবে। বিশ্ব পরিস্থিতি বুঝতে হবে এবং নতুন জ্ঞান অর্জনে আগ্রহী হতে হবে। পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারলেই আমরা নিজেদের টিকিয়ে রাখতে এবং দেশকে এগিয়ে নিতে পারব।
আমাদের অনেক যুবক এখনো শতবর্ষ পুরনো ধ্যান-ধারণায় আটকে আছে। এই মানসিকতা বদলাতে হবে, নইলে অগ্রগতি হবে না। প্রযুক্তি, জ্ঞান এবং কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে তরুণদের রাষ্ট্রের জন্য উপযোগী নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
সাংস্কৃতিক সংগঠক ও আয়কর আইনজীবী ইখতিয়ার উদ্দিন শিশুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ লুৎফুর রহমান ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দীন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন সোনালী সুদিন সংস্থার মোঃ হানিফ ও যুব প্রশিক্ষণার্থী ও সফল আত্মকর্মী তাসনিয়া রাবেয়া বেগম।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত তরুণদের হাতে যুব পুরস্কার, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ সনদপত্র তুলে দিয়ে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।
![]()