নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রেসক্লাবে মাগরিবের নামাজ আদায় করে নিচে নামেন। তখন তিনি দেখেন পৌর পাঠাগারের সামনে থেকে প্রেসক্লাবের প্রধান গেইট পর্যন্ত ২০-২৫ জন কিশোর ছেলের জটলা এবং চিৎকার-চেঁচামেচি। আহসান উল্লাহ তখন প্রেসক্লাবের গেইটের দিকে এগিয়ে যান।
কিছুক্ষণ পর তিনি দেখেন ১৩/১৪ বছরের এক কিশোর রিকশা থেকে নামলো। তার হাতে দেশীয় ধারালো অস্ত্র। এটির সাইজ হবে প্রায় এক হাত। তখন প্রেসক্লাব সভাপতি ‘এই তোরা কারা’ বলে ধমক দিয়ে এগিয়ে গিয়ে ওই কিশোরের হাত থেকে অস্ত্রটি ছিনিয়ে নেন। আর তখন সেই কিশোর ছেলেটিসহ অন্যরা দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণ পর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ চৌধুরী ইয়াসিন ইকরাম প্রেসক্লাবের সামনে দিয়ে মোটরসাইকেলে যেতে দেখলে আহসান উল্লাহ তাকে থামান।
এরপর সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সদর মডেল থানায় গিয়ে অস্ত্রটি ওসি আব্দুর রশিদের কাছে জমা দিয়ে আসেন।
চাঁদপুর প্রেসক্লাব এলাকায় কিশোর সন্ত্রাসীদের অবাধ বিচরণের বিষয়টি বহুবার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা হয়। কিন্তু কোনো কাজে আসে নি। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দসহ শহরবাসী।
![]()