নিজস্ব প্রতিনিধি ॥
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কামরুল হাসান (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাতে দেশটির রিয়াদের মালাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ।
নিহতের পরিবারের সদস্যরা জানান,ফুড ডেলিভারির কাজ করতে গিয়ে কামরুলের বাইক একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৌদি আরবে নিহতের কাছাকাছি অবস্থারত ষোলদানা এলাকার প্রবাসী মানিক হোসেন জানান, প্রতিদিনের মতো গতকালও কামরুল ভাই ফুড ডেলিভারি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি পণ্যবাহী ট্রাকের নিচে চলে যান তিনি। এতে তার একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে।
নিহতের চাচা রাজু তপদার জানান, এলাকাবাসীর কাছে কামরুল ‘কামু’ নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি বলেন, কামুর সঙ্গে আমার বন্ধুত্বও ছিল। বয়সে সমান, একই ক্লাসে পড়েছি, খেলাধুলা করেছি, আড্ডা দিয়েছি—সবই একসঙ্গে। তার এমন মৃত্যু সত্যিই সহ্য করা কঠিন।”
তিনি আরও জানান, তিন ভাইবোনের মধ্যে কামরুল সবার ছোট ছিলেন। ২০২১ সালে তিনি বিয়ে করেন এবং বছরখানেক পর প্রবাসে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে এসে দুই মাস অবস্থান করেছিলেন। সে সময় তার বাবা মারা যান। প্রায় তিন মাস আগে আবার সৌদি আরবে ফেরত যান। তার দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, আমরা একজন প্রবাসী সৈনিক হারালাম। তিনি রেমিটেন্স যোদ্ধা। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আমার পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()