শারাস্তি প্রতিবেদক:
শাহরাস্তি উপজেলায় প্রথম কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ হতে তথ্য গোপন করে চিকিৎসা নিতে শাহরাস্তিতে আসেন আক্রান্ত ওই ব্যক্তি। এ খবরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উৎকণ্ঠা বিরাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের ১৬ কর্মকর্তা-কর্মচারীসহ ১৭জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, আক্রান্ত রোগী শনিবার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এসেছে। হাসপাতালে ভর্তির পর রোববার তার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ এসেছে।
এদিকে পুলিশ ও সেনাবাহিনীর টিম এসে ওই রোগীর শ্বশুরবাড়ি শাহরাস্তি পৌরসভার ৫নং ওয়ার্ডের উপলতা গ্রামের শীল বাড়ি লকডাউন ও বিভিন্ন বাজারে ওই বাড়ির লোকদের পরিচালিত সেলুনগুলো বন্ধ করে দিয়েছে।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আবু সুফিয়ান জানান, শনিবার দুপুরে ওই রোগী হাসপাতালের জরুরী বিভাগে পেট ব্যথা ও গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে এসেছে। ওই সময় মেডিকেল অফিসার ডা. আমেনা বেগম তাকে ভর্তি দেন। আমি ও অফিস সহায়ক ইসমাইল হোসেন ওই সময় ইমারজেন্সিতে ছিলাম। রোববার নমুনা সংগ্রহের পর ওই রোগী হাসপাতাল হতে চলে যায়।
আক্রান্তের শ্যালক শাহরাস্তি পৌরসভার উপলতা গ্রামের কৃষ্ণ শীল জানান, রোববার শাহরাস্তি হাসপাতাল হতে রিলিজ নিয়ে রোগীকে কুমিল্লা সিটি ল্যাব হাসপাতালে দেখাই। সেখানে রোগীর অন্ত্রে সমস্যা আছে এবং সার্জারী ডাক্তারের চিকিৎসা নিতে হবে মর্মে পরামর্শ দিলে আমরা তাকে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করি।
এ খবর প্রচার হতেই শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আতংক ছড়িয়ে পড়ে। রোগী ২ দিন হাসপাতালে ভর্তি থাকায় আতংকগ্রস্থ সেবিকা, চিকিৎসা সহকারী ও অন্যান্য কর্মচারীরা করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।
মঙ্গলবার সকালেই শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের নেতৃত্বে পুলিশ উপলতা শীল বাড়ি প্রবেশের ৬/৭ টি পথ লাল পতাকা টানিয়ে লকডাউন করে দেয়। এ সময় সেনাবাহিনীর একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন। লকডাউনে সহায়তা করেন শাহরাস্তি থানা উপ-পরিদর্শক মোঃ মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যাপারে বক্তব্যের জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেনের মুঠোফোনে চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে। তিনি দিনভর তার অফিসে আসেননি। বাসার সামনে যেয়েও সাক্ষাতের সুযোগ হয়নি এ প্রতিবেদকের।
প্রসঙ্গত, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৪৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মঙ্গলবারেই ১৭জন পরীক্ষার জন্য নমুনা দিয়েছে। এর আগে ৩০জনের নমুনা দেয়া হয়েছে। যার মধ্যে ১জন পজেটিভ ও ২৯জন নেগেটিভ বলে তথ্য পাওয়া গেছে।