আরেফিন সুমন :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন। এতে তিনি এলাকার এবং জনগণের সর্বোচ্চ উন্নয়নে কাজ অঙ্গিকার করেন ।
তিনি বলেন, আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত আমি একজন ধানের শীষ প্রতীকের প্রার্থী। নির্বাচন অত্যাসন্ন। এই নির্বাচনে আমি মনে করি ক্ষমতার আগে জনতা, ভোগের আগে ত্যাগ, এমপির পেছনে জনতা নয়, জনতার পেছনে এমপি। সবাই মিলে করবো কাজ, সবার আগে বাংলাদেশ। মহান আল্লাহ আমাকে নির্বাচিত করলে এই আসনের জনতার পেছনে থেকে জনস্বার্থে কিছু কাজ করতে আমার আগ্রহ দীর্ঘ দিনের।
তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে যেসব কাজ করার অঙ্গীকার করছি; নতুন প্রজন্মের কর্মসংস্থানের জন্যে চাঁদপুরে ও হাইমচরে ২টি ইপিজেড তৈরি করা হবে। ব্যাপক কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে রপ্তানিমুখী শিল্প কারখানা তৈরির মাধ্যমে নতুন শিল্পোদ্যাক্তাদের বেশি বেশি শিল্প কারখানা গড়ে তোলার জন্য আহ্বান জানানো হবে। মসজিদ, মাদ্রাসা ও সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন উপাসনালয় ব্যাপক মানোন্নয়ন করে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।
লিখিত ইশতেহারে তিনি আরও বলেন, সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু নয়, সবাই আমরা বাংলাদেশী এটাই হবে স্লোগান; চাঁদপুর-হাইমচর যাতায়াতের প্রধান সড়ক ৪ লেনে প্রশস্তকরণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। চাঁদপুর-হাইমচরের সকল সরকারি খাল উদ্ধার করে সংস্কারের মাধ্যমে পানির প্রবাহ চলমান রাখা হবে, যাতে কৃষক খালের পানি ব্যবহার করে উৎপাদন দ্বিগুণ করতে পারে। নদী ভাঙ্গন থেকে চাঁদপুরকে সুরক্ষা দেয়া, প্রকৃতিবান্ধব, আধুনিকায়ন এবং বিষ্ণুপুর থেকে জালিয়ারচর পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণ করে রিভারড্রাইভ তৈরি করা হবে।
তারেক রহমানের ঘোষণা কৃষক পাবে শস্য বীমাসহ সকল পেশার মানুষের জন্য সুনির্দিষ্ট সরকারি কার্ড ইস্যু করে জীবন মানোন্নয়নে কাজ করা হবে। চাঁদপুর-হাইমচর এলাকার প্রতিটি মানুষের জন্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, চাঁদপুর-হাইমচরের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট সহ প্রতিটি রাস্তা পাকাকরণের আওতায় আনা হবে এবং যানজট নিরসনে চাঁদপুর থেকে বের হওয়ার জন্যে পূর্বমুখী কয়েকটি নতুন রাস্তা নির্মাণ সহ প্রাচীন ইচলীঘাটে একটি পাকা ব্রীজ নির্মাণ করা হবে। মেঘনার পশ্চিম পাড়, রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, নীলকমল ইউনিয়নকে মেঘনার করাল গ্রাস থেকে রক্ষা করার জন্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী শাসন করা সহ স্থায়ী বন্দোবস্ত করা হবে। চাঁদপুর-৩ আসনে নতুন স্টেডিয়াম স্থাপন সহ প্রতিটি স্কুলে নিয়মিত খেলাধুলা ও আন্তঃপ্রতিযোগিতার ব্যবস্থা করা হবে এবং সাংস্কৃতিক অঙ্গনে সুপ্ত প্রতিভা বিকাশে সমন্বিত ব্যবস্থাগ্রহণ করা হবে।
মানিক বলেন, গতানুগতিক শিক্ষার পরিবর্তে গণমুখী কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে দক্ষ জনশক্তি সৃষ্টি করা হবে । চাঁদপুর সদর হাসপাতাল, হাইমচর হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগ সহ প্রতিটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত ডিউটি ডাক্তারের মাধ্যমে জরুরি সেবা নিশ্চিত করা হবে। তারেক রহমানের অঙ্গীকার দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত হবে আগামীর বাংলাদেশ। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ব্যাপক উন্নয়ন করা হবে। এছাড়া তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান মো: শফিক, সহ সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, শহর বিএনপির সভাপতি আক্তার মাঝি, জেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদি, সাধারণ সম্পাদক এম.এ. লতিফসহ প্রমুখ।
![]()