প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর সফল করতে সকলের সহযোগিতা চাই: জেলা প্রশাসক

 

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, অনলাইনভিত্তিক ইলিশ কেনাবেচা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শহরের সড়কগুলোতে মাত্র ৫ শতাংশ চালক হেলমেট ব্যবহার করেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে জেলা পুলিশকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি। পাশাপাশি মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই মাদকাসক্ত কমে আসবে।সড়কে ও রেললাইনের ওপর কোনো গরুরহাট বসানো যাবে না এবং নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশুর হাট বসানোও নিষিদ্ধ থাকবে। প্রতিটি কোরবানির পশুর হাটে মেশিন রাখাকে বাধ্যতামূলক করার কথাও জানান তিনি।

এছাড়া ফেরিতে যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যাত্রী ওঠানামার সময় ফেরি থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়ার নির্দেশনা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে।

এদিকে আগামী ১৬ মে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতির বিষয় তুলে ধরে জেলা প্রশাসক বলেন, সফরকালে খাল খনন উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, সুধী সমাবেশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সভার আয়োজন করা হবে চাঁদপুর সরকারি কলেজ মাঠে। প্রধানমন্ত্রীর ডে-লং প্রোগ্রাম সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সফরসূচী সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি সমাজসেবা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, নৌ-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন।

সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ মোঃ বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর সদর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এবং সদর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন। সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

Loading

শেয়ার করুন: