মতলবে আরো ৯ জনের করোনা শনাক্ত

আক্তার হোসেন:

মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে আরো ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১শ ২০ জন করোনা রোগী শনাক্ত হলো। আজ ৬ জুলাই সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই ১০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ নতুন করে ৯ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শহরের কলাদী এলাকার ৪ জন, পৌরসভার নবকলস এলাকার ১ জন, উপজেলার কালিয়াইশ গ্রামের ১ জন ঘোড়াধারী গ্রামের ১ জন, নারায়নপুরের ১ জন ও চাঁদপুর সদর এলাকার ১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

স্বেচ্ছাসেবীদের কার্যক্রম বন্ধ থাকায় করোনা সংক্রমণ বিস্তার নিয়ে অনেকে আশঙ্কা করছে। এছাড়া শপিং মল ৭টা পর বন্ধ করার নির্দেশনা থাকলেও কেউ তা মানছে না।

এখনো কিছু নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। গত ১৪ মে উপজেলায় করোনার সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর দ্রুত প্রাদুর্ভাবে জনগণ আতঙ্কে আছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। চাঁদপুরের উপজলাগুলোর মধ্যে মতলব দক্ষিণে এখন শনাক্ত সংখ্যা বেশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষ অবহেলা করায় আক্রান্তের সংখ্যা আমাদের এখানে দিন দিন বাড়ছে। তাই জনসাধারণের আরও সচেতন হয়ে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়িয়ে চলতে তিনি আহবান জানান।

তিনি বলেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।তারা সকলেই নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে।

শেয়ার করুন: