মো.আকতার হোসেন:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত এই প্রথম তিন রোগী শনাক্ত হয়েছে এবং হাসপাতালের ২য় তলা লকডাউন করা হয়েছে। আজ ১৪ মে বৃহস্পতিবার মতলব আন্তজার্তিক উদরাময় গবেষনা কেন্দ্র (আইসিডিডিআর’বি) হাসপাতালের স্টাফ ক্লিনিকের একজন চিকিৎসক, তাঁর শিশু সন্তান ও হাসপাতলের হিসাব রক্ষক করোনায় আক্রান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ মে হাসপাতাল কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে ওই হাসপাতালের স্টাফ ক্লিনিকের একজন চিকিৎসক, তাঁর শিশু সন্তান ও ঐ ইউনিটের হিসাব রক্ষক এবং পোর্টার (অফিস সহায়ক) এর নমুনা সংগ্রহ করেন। আজ ১৪ মে ঐ নমুনা সংগ্রহকৃত ৪জনের মধ্যে তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়। তবে পোর্টারের করোনা নেগেটিভ আসে। করোনায় আক্রান্ত হিসাব রক্ষক অত্র হাসপাতালের ২য় তলায় আইসোলেশনে রয়েছেন। যার কারণে ২য় তলার সকল বিভাগ কর্তৃপক্ষ লকডাউন করেছে। এছাড়া স্টাফ ক্লিনিকের চিকিৎসক ও তাঁর শিশু সন্তান ঢাকায় আইসিডিডিআর’বি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।
আইসিডিডিআর’বি হাসপাতালের চিকিৎসক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, শুরু থেকেই আমাদের হাসপাতালে করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে প্রোটেকটিভ ব্যবস্থা রয়েছে। হাসপাতালের স্টাফ ক্লিনিকের ডাক্তারসহ যারা আক্রান্ত হয়েছেন তারা সমন্বিত ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন। আমাদের হাসপাতালে তাদের আক্রান্ত হওয়ার কোন সঙ্গত কারণ নেই। কারণ আমরা যারা অনবরত রোগীর সংস্পর্শে এসে চিকিৎসা দিয়ে যাচ্ছি, তারা সকলেই ভাল আছি। তবে আক্রান্তরা সকলেই ভাল রয়েছেন।
চাঁদপুর সিভিল সার্জন মোঃ সাখাওয়াত উল্লাহ বলেন, হাসপাতালের নিজস্ব উদ্যোগে ওই ৪ জনের নমুনা সংগ্রহ করে তাদের ঢাকার আইসিডিডিআরবি হাসপাতালে পাঠিয়েছিল। আজ ১৪ মে আমাকে ৩ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন। এদের মধ্যে ২জন ঢাকায় এবং ১ জন মতলব হাসপাতালেই আইসোলেশনে রয়েছেন। করোনা পজেটিভ হলেও বর্তমানে তারা সকলেই ভাল আছেন।