গাজী মাজহারুল ইসলাম, হাইমচর :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে হাইমচর উপজেলার সদর আলগী বাজার দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “হাইমচর হবে আগামীর উন্নয়নের রোল মডেল। এখানে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপন করা হবে, যা এ অঞ্চলের বেকারত্ব দূর করতে সহায়ক হবে। এছাড়া চরভৈরবী থেকে চাঁদপুর পুরান বাজার পর্যন্ত একটি মেরিন ড্রাইভ নির্মাণ এবং হাইমচরের প্রতিটি চরে স্থায়ী বাঁধ দেওয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের ।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন। তিনি প্রধানমন্ত্রী হলে প্রতিটি মসজিদে ইমাম, খতিব ও মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে বেতনের ব্যবস্থা করা হবে। এছাড়া মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষক ও জেলেদের জন্য বিশেষ কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে।”
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় জাল সিল ও ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। কালো টাকা দিয়ে যেন কেউ নির্বাচন প্রভাবিত করতে না পারে, সেদিকে সজাগ থাকবেন। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, কোনো অনিয়ম দেখলে সাথে সাথে প্রশাসনকে জানাবেন।”
মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে শেখ ফরিদ আহমেদ আরও বলেন, “তারেক রহমানই মদিনার সনদে দেশ চালানোর জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তি। আমাদের লক্ষ্য একটি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়া। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়।”
উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নেতা মুফতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহিন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং ছাত্রদল ও অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সভায় হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সভায় পুরো মাঠ লোকে-লোকারণ্য হয়ে ওঠে।
![]()