হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি থেকে নির্বাচিত বিএনপি দলীয় এমপি ইঞ্জিঃ মো. মমিনুল হক বলেন, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের হাজীগঞ্জে কোন বসার স্থায়ী ব্যবস্থা নেই। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে এই সংসদীয় আসনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করেননি। বরং নিজেকে অনেক বড় হিসেবে জাহির করার জন্য মুক্তিযোদ্ধা সম্পর্কে বিতর্কিত বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

হাজীগঞ্জ-শাহরাস্তি গণ-মানুষের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। অনেকে সংসদ সদস্য হয়ে মন্ত্রী হয়েছেন। আগামী দিনে এমপি, মন্ত্রী, সচিব হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার আর কোন সুযোগ নাই। তাই আমি মুক্তিযোদ্ধা জাতীর শ্রেষ্ঠ সন্তানদেরকে সবার উর্ধ্বে স্থান দিতে চাই। এই বছরের মধ্যেই আপনাদের জন্য স্থায়ী জায়গা ব্যবস্থা করে মুক্তিযোদ্ধা সংসদ করে দিব।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপত্বিতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম.এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জব্বার।

উপজেলা বিআরডিবি সহকারী কর্মকর্তা মো. আবদুল গণির পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. আনোয়ার উল্লাহ পাটওয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গান্ধী মো. শহিদুল্লাহ, সৈয়দ আহম্মেদ মজুমদার, মফিজুল ইসলাম, বি.এম মহসীন নয়ন প্রমুখ।

Loading

শেয়ার করুন: