কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংর্ঘষে স্বামী ও অন্ত:সত্তা স্ত্রীসহ ২জন নিহত হয়েছে। শনিবার বিকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের হাটমুড়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বারৈয়ারা গ্রামের ওয়াজ উদ্দিন (২৮) ও তার স্ত্রী সাবিকুন নাহার (২৩) । তন্মধ্যে সাকিবুন নাহার অন্ত:সত্তা ছিলেন।
নিহতের ভাই রবিউল্ল্যাহ বলেন, আমরা চার ভাই তিন বোনের মধ্যে ওয়াজউদ্দীন প্রথম। গত বছর প্রবাস থেকে ফিরে বারৈয়ারা উত্তর পাড়া নজরুল ইসলামের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘটনার দিন সাচার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। আমার ভাবি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেই তারা কান্নায় ভেঙে পড়েন তিনি।
এলাকাবাসী ও পুলিশ জানায়,উপজেলার বারৈয়ারা গ্রামের ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন তার ৮ মাসের অন্ত:সত্তা স্ত্রী সাবিকুন নাহারকে নিয়ে সাচার বাজারে একটি প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে সিএনজি (কুমিল্লা-থ ১২-২৬২৭) যোগে বাড়ি ফেরার পথে হাটমুড়া এলাকায় আসলে মালবাহী কচুয়াগামী ট্রাক (চট্ট মেট্রো-ট ১২-০৯৯৬) ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন।
ঘটনার পর ট্রাক ও সিএনজিকে আটক করেছে পুলিশ। তবে ঘাটক চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের মাতম বইছে। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ও ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন । তারা শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে আটক করা যায়নি। এ ঘটনায় এখনো মামলা হয় নি।