চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

 

কচুয়া প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা মাহি ও ফিরোজ আহমেদ তাওহীদ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে দুই বন্ধু মোটরসাইকেলে করে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ।’

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর খবর শুনেছি। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Loading

শেয়ার করুন: