কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার

 

সংবাদ দাতা

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।২৪ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ঢাকায় অভিযান চালিয়ে রফিক ভূঁইয়াকে গ্রেপ্তার করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম ও সঙ্গীয় ফোর্স। পরে তাকে চাঁদপুরে নিয়ে আসা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ২২ আগস্ট চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে কোহিনূর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে ২৩ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ওরফে ধান্দা রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এর আগে, ২০২৪ সালের ৩০ জুন তৎকালীন চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক কোহিনূর হত্যা মামলায় আসামি নাজমা আক্তার ও রফিক ভূঁইয়া ওরফে ধান্দা রফিককে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপরদিকে, মামলার প্রধান আসামি নাজমা আক্তার নয়নকে ২০২৫ সালের ১ জানুয়ারি একই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন: