মেঘনাবার্তা ডেস্ক:
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতায় একদিনেই পাল্টে গেছে চাঁদপুর জেলায় করোনা সংক্রমণের হটস্পট খ্যাত কালিবাড়ি-পালবাজার এলাকার চিত্র। বিশেষ করে সেখানকার রাস্তার দু’পাশের ফুটপাত থেকে হকার ও ভ্যানগাড়ি সরিয়ে দেওয়ায় পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে।
শুক্রবার ওই এলাকার চিরচেনা যানজট ও মানবজট হঠাৎ করেই উধাও হয়ে যায়। তবে এই ধারা অব্যাহত রেখে আরো জোরালোভাবে লকডাউন পুরোপুরি নিশ্চিত করকার দাবি তুলেছেন সচেতন মহল।
লকডাউন কার্যকরে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এছাড়া সেনাবাহিনীর টহল টিমের সাথে রয়েছে মোবাইল কোর্ট। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় শুক্রবার চাঁদপুর শহরের পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে।
বিশেষ করে কালিবাড়ি থেকে পালবাজার এলাকার তীব্র ভিড় অনেকটাই কমে এসেছে। সরিয়ে দেওয়া হয়েছে ভিড়ের প্রধান উপলক্ষে ফুটপাতের দোকানগুলো। তবে জনপ্রত্যাশা পরিস্থিতির আরো উন্নতির।
এদিকে শহরে লোকসমাগম ঠেকাতে শুক্রবার সকাল থেকে পুলিশ বিশেষ অভিযান শুরু করে। কালিবাড়ি মোড়, পালবাজার, কুমিল্লা রোডসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও নদীপথে বাড়ানো হয়েছে চেকপোস্ট।
নারায়ণগঞ্জ থেকে কোনও লোক যাতে চাঁদপুর জেলায় আসতে না পারে সে জন্য কঠোর অবস্থান নিয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে গত কয়েক দিনের তুলনায় শুক্রবার শহরের প্রধান সড়কসকসহ অলিতে-গলিতে লোকসমাগমও ছিল কম।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যেসব যানবাহন বিনা কারণে ঢোকার চেষ্টা করছে সেগুলো পুলিশ আটকে রেখে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছে। যেন ভবিষ্যতে লকডাউন চলাকালীন কেউ বের না হয়। এখন থেকে প্রতিদিন চাঁদপুর শহরে পুলিশের কড়া অভিযান কার্যকর করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধরী।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও ক্যাপ্টেন তুহিন চাঁদপুর শহরের নিউ মার্কেটের অসাধু কাপড় ব্যবসায়ী পাকিজা ক্লথ স্টোর, তানিয়া ক্লথ স্টোর, ইফাজ ফ্যাশন ও গ্রীন প্যালেসকে ১ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সামিউল ইসলাম বলেন, করোনা বিশ্ব ব্যাপী মহামারি আকার ধারণ করেছে।বহু মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা জীবনের ঝুকি নিয়ে সরকারের নির্দেশনা পালন করছি। সেনাবাহিনী আমাদের সাথে সচেতনতায় কাজ করে যাচ্ছে।আমরা সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য নির্দেশ দিয়ে যাচ্ছি।
ক্যাপ্টেন তুহিন বলেন, বাংলাদেশে করোনা মহামারি আকার ধারণ করেছে। আমরা জনসাধারণকে ঘরে রাখতে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চাঁদপুরে কাজ করে যাচ্ছি। আজকে পর্যন্ত হুঁশিয়ার করেছি। কাল থেকে আর হুঁশিয়ার করবো না, আরো কঠোর হবো।
অন্যদিকে করোনাভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার সকল উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
এ সময় অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখাসহ করোনা সংক্রমণ সহায়তামূলক অপরাধে ৬০টি মামলায় ৬০জন ব্যক্তিকে সর্বমোট ৮২ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। পুলিশ, সেনাবাহিনী ও আনসার মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।