ফেইসবুকে অপপ্রচারকারী জনি জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলাধীন ১০নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন মিথ্যে অপপ্রচারের অভিযোগে চাঁদপুর শহরের পালপাড়া এলাকার ছোবহান প্রধানীয়ার ছেলে জনি রহমান (৩০) কে এসআই রাশেদ ও এএসআই হানিফ গত ১৩ জুলাই সোমবার সন্ধ্যা ৭ টায় ছায়াবানী এলাকা থেকে আটক করেন।

পুলিশ জানায়, আসামী জনি রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ সময় তার কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল সেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আসামি জনি রহমানকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে লক্ষীপুর মডেল ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় মামলা দায়ের করেন।

১৪ জুলাই মঙ্গলবার আসামী জনি রহমানকে চাঁদপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এসআই ওমর ফারুক জানান, আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করা হচ্ছে। এর সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তিনি আরো জানান, প্রয়োজনে বিজ্ঞ আদালতে আসামীর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।

এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, জনি রহমান অন্যের প্ররোচনায় ফেইসবুকে ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খানসহ সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষজনদের নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য অপ-প্রচারে লিপ্ত থাকে।

শেয়ার করুন: