মতলব পৌরসভায় ওয়ার্ড যুবলীগের সম্মেলন

মো.আক্তার হোসেন:

মতলব পৌর যুবলীগের ১নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে শেষ হলো পৌরসভার ৯টি ওয়ার্ড যুবলীগের সম্মেলন। ১৪ নভেম্বর শবিবার বিকাল ৩টায় উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উদ্ধোধনী বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান ভূইয়া বলেন, আজ এই ওয়ার্ড সম্মেলনে অনেক পদ প্রত্যাশী নিজেদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল নিয়ে এসেছেন। পদ পেলে যুবলীগে থাকবেন, নতুবা চলে যাবেন এটা যুবলীগে কাম্য নয়। সত্যিকারের যুবলীগের কর্মী তারাই, যারা পদ-পদবীর দিকে না তাকিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে তারাই হচ্ছে আসল যুবলীগ।

ত্রি-বার্ষিকী সম্মেলনে পৌর যুবলীগের সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর, যুগ্ম আহ্বায়ক আবু পাটোয়ারী।

আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাস, সদস্য নাজমুল পাটোয়ারী, বাদল নন্দী,চন্দন সাহা। সম্মেলনকে কেন্দ্র করে ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা বিশাল মিছিল নিয়ে সম্মেলন স্থলে এসে যোগদান করেন।

শেয়ার করুন: