স্টাফ রিপোর্টার :
চাঁদপুরে সরকারি-বেসবরকারি সকল প্রতিষ্ঠানে শ্রদ্ধার সাথে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। দিনটি উপলক্ষে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক এবং পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার। পরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রবিউল হাসান, চাঁদপুর স্থানীয় সরকার উপ পরিচালক ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমান।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হকের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়, যা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ও দেশপ্রেম ধারণ করেই একটি সুশিক্ষিত, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।
জেলা প্রশাসক আরও বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কলেজ ও স্কুলের শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন অল্প সময় হলেও দেশাত্মবোধক গান, দেশপ্রেমমূলক কবিতা ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে দেশপ্রেমের চর্চা অব্যাহত রাখা হয়।
এদিকে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. রবিউল হাসান পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্যে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, ইনচার্জ, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, চাঁদপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর পৌরসভা, জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা কারাগার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা বিভাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, চাঁদপুর পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, চাঁদপুর গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর, বিসিক জেলা কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর ও জেলা আনসার অফিস পুষ্পস্তবক অর্পণ করে।
পরে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও আক্কাস আলী রেলওয়ে একাডেমি।
সবশেষে বিদ্যুৎ উন্নয়ন প্রতিরোধ বিভাগ, বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ, জাতীয় বিদ্যুৎ কর্মচারী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
![]()