সাইম পাটওয়ারী:
চাঁদপুর শহরতলীর বাবুরহাট বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুত রাখার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল নাহিদ।
অভিযান চলাকালে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর-৬(ক) সংশ্লিষ্ট ধারায় তিন ব্যবসায়ী— মাহাবুব, ফখরুল উদ্দিন ও সাব্বির মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুতের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান জানান।
![]()