নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান, ফ্যামিলি ডে আয়োজন এবং প্রকাশনা কার্যক্রমসহ আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চাঁদপুর শহরের বিপণীবাগ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম। পরে সাধারণ সম্পাদক ২০২৬-২০২৯ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।
সভায় ফাউন্ডেশনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য ও মতামত তুলে ধরেন সাবেক সভাপতি মো. আবুল কালাম ভূঁইয়া, হাফেজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন শেখ, মো. মুনির চৌধুরী, সফিকুর রহমান মিয়াজী, মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু জাফর গাজী, মো. সাখাওয়াত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শরীফ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. এমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য আলী আক্কাস মিয়াসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোশাররফ হোসেন লিটন ফাউন্ডেশনের আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, শিগগিরই ফাউন্ডেশনের উদ্যোগে ফ্যামিলি ডে আয়োজন করা হবে। পাশাপাশি নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এবং ফাউন্ডেশনের নিজস্ব ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পৃথক উপকমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে কর্মসূচিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি বলেন, নতুন কমিটি গঠনের পর স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম ও কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরায় সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের সভায় কমিটির অধিকাংশ সদস্যের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। ফাউন্ডেশনের সার্বিক উন্নয়নে সবাই যেভাবে সহযোগিতা করছেন, তা অব্যাহত রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বয়ের মাধ্যমে প্রতিটি কর্মসূচি সফল করা সম্ভব। বিশেষ করে প্রত্যেককে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
অভিষেক অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠানে মানসম্মত ও গুরুত্বপূর্ণ অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। তবে সবার মতামতের ভিত্তিতে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হবে। অন্যদিকে ফ্যামিলি ডে আয়োজনের মাধ্যমে ফাউন্ডেশনের সদস্যদের পরিবারগুলোর মধ্যে পারস্পরিক পরিচিতি ও সম্প্রীতি বাড়বে এবং পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভার সমাপ্তি পূর্বে জাতীয়ভাবে সমবায় পুরস্কার প্রাপ্ত চান্দ্রা শিক্ষিক বেকার সমবায় সমিতির সভাপতি ও জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।