স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬০ তম দিবস ( হীরক জয়ন্তী উৎসব ) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আয়োজনে র্যালি ,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ নভেম্বর বিকেলে দিবস উপলক্ষে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাবেক চাঁদপুরের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি শহর পদক্ষিণ শেষে চাঁদপুর রোটারি ক্লাবে এসে শেষ হয়।
সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে সাবেক শিক্ষার্থী ও চাঁদপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনের স্মৃতি রোমন্থন এবং আসন্ন ‘পিকনিক ২০২৬’ আয়োজন নিয়ে সাংগঠনিক উম্মক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের মধ্যে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ডক্টর লোকমান হোসেন,চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নুর, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি এবং প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, বর্তমান কমিটির সভাপতি রোটারিয়ান মুশতাক আহমেদ খান ,জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন, সাবেক শিক্ষার্থী বিল্লাল হোসেন পাটোয়ারী, শাহাজান সিদ্দিকী, আফসার উদ্দিন মিয়াজী, আহসান হাবীব, মাসুদ আলম, মাশরুর হাসান ভুঁইয়া সোহাগ, ইকবাল হোসেন পাটোয়ারী, অ্যাড . ভাস্কর দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও প্রাণের বন্ধন অটুট রাখতে চাঁদপুরে অবস্থানরত সকল চবিয়ানকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। রাতে সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।