বইপড়া, খেলাধুলা ও ধর্মীয় জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক

 

 

মো. মহিউদ্দীন :

বইপড়া, খেলাধুলা ও ধর্মীয় জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলতে হবে। নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফটিকখিরা ছালামত উল্যাহ-আমেনা বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও হাইজিন কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে সমাজে এখনো নানা ধরনের সংকোচ ও ট্যাবু রয়েছে। এ বিষয়ে অনেক অভিভাবকের মধ্যেও সচেতনতার ঘাটতি রয়েছে। অনেক সময় শিক্ষার্থীরা ব্যক্তিগত স্বাস্থ্যবিষয়ক বিষয় নিয়ে বড়দের সঙ্গে কথা বলতে অস্বস্তি বোধ করে। বিদ্যালয়ে হাইজিন কর্নার চালুর ফলে তারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক তথ্য ও পরামর্শ পাওয়ার সুযোগ পাবে। এতে তাদের সংকোচ দূর হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতাও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম এবং বেসরকারি প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্যোতির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজা আহমেদ নূর প্রমুখ।

শেয়ার করুন: