চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের অন্যতম শীর্ষ জনপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পণ-এর ২৬তম বছরপূর্তি এবং ২৭ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের নাজিপাড়ায় অবস্থিত দৈনিক চাঁদপুর দর্পণ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজামুল হক। তিনি দোয়া মোনাজাতে পত্রিকার প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরীসহ সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, চাঁদপুর দর্পণ দীর্ঘ ২৬ বছর ধরে পাঠকের আস্থা অর্জন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চাঁদপুরবাসীর কাছে বিশেষ স্থান করে নিয়েছে। আঞ্চলিক সাংবাদিকতায় এ পত্রিকার ভূমিকা অনস্বীকার্য। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও চাঁদপুর দর্পণ তার সততা, নীতি ও দায়িত্ববোধ ধরে রেখে আরও দীর্ঘ পথ অতিক্রম করবে।” আজকে দিনে পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরন করছি। যিনি এই পত্রিকাটি প্রতিষ্ঠা করে গেছেন। দৈনিক চাঁদপুর দর্পণ যতদিন বেঁচে থাকবে ইকরাম ভাইও বেঁচে থাকবেন। বর্তমানে পত্রিকার প্রধান সম্পাদক মুনির চৌধুরী ও ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর নেতৃত্বে নিরলস পরিশ্রমের মাধ্যমে একঝাঁক সাংবাদিকদের নিয়ে পত্রিকাটি টিকিয়ে রেখেছেন।

আমরা চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুরেরর সাংবাদিকরা তাদের পাশে আছি এবং থাকবো। তিনি বলেন, আমি দৈনিক চাঁদপুর দর্পণের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছি। পত্রিকার প্রতিষ্ঠা সম্পাদক মরহুম ইকরাম চৌধুরী আমার অন্যতম শিক্ষক ছিলেন। যাঁর অনুপ্রেরণায় ও সহযোগিতায় আজ আমার সাংবাদিকতার যতটুকু সাফল্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছি।

এছাড়া বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ জালাল চৌধুরী। আলোচনা সভা সঞ্চালনা করেন দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মুনির চৌধুরী। তিনি বলেন, ২৬ বছরের এ দীর্ঘ পথচলায় চাঁদপুর দর্পণকে এগিয়ে নিতে যেসব সহকর্মী, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। একটি আঞ্চলিক পত্রিকা হিসেবে আমরা সবসময় চেষ্টা করেছি মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দিতে। আগামীতেও আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার অটুট রাখবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দর্পণ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার আশরাফুল আলম ও সুজন চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির অগ্রগতি, মানুষের কল্যাণ এবং দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Loading

শেয়ার করুন: