জেলা তথ্য অফিসের আয়োজনে শাহমাহমুদপুরে মহিলা সমাবেশ

 

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ৩৪ নং কেতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা তথ্য অফিসার তপন বেপারী। তিনি বলেন, “একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে নারী সমাজকে এগিয়ে আসতে হবে। আজকের তরুণী আগামী দিনের মা। তাই তাদেরকে শিক্ষিত, সচেতন ও সামাজিক দায়িত্বশীল হতে হবে। সমাজে যখন নারীরা অধিকার সচেতন হবে, তখনই প্রকৃত উন্নয়ন সম্ভব।”

তিনি আরো বলেন, “দেশের অগ্রযাত্রায় নারী সমাজের ভূমিকা অপরিসীম। আজকের মেয়েরা আগামী দিনের মায়েরূপে একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলবেন। তাই তাদেরকে অবশ্যই সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

প্রধান অতিথি বলেন, “বাল্যবিবাহ কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য অভিশাপ। একইভাবে ইভটিজিং, মাদক এবং সহিংসতা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এসব রোধে নারী ও তরুণদের একসাথে কাজ করতে হবে। সরকার আইনের মাধ্যমে অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু প্রকৃত পরিবর্তন আসবে তখনই, যখন জনগণ নিজেরাই এসব সমস্যার বিরুদ্ধে দাঁড়াবে।”

তপন বেপারী এ সময় গ্রাম আদালত, লিগ্যাল এইড, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণসহ বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়েও দিকনির্দেশনা দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন মিজি, দৈনিক আদি বাংলার মফস্বল সম্পাদক রাসেল গাজী এবং দৈনিক চাঁদপুর সংবাদের স্টাফ রিপোর্টার ওমর শরীফ।
অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান।

সহযোগিতায় ছিলেন অফিস সহকারী আবুল বাশার। এ সময় ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু জাফর মিজি সহ প্রায় শতাধিক নারী সমাবেশে অংশগ্রহণ করেন।

Loading

শেয়ার করুন: