ফরিদগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন, আটক -৩

মাসুদ রানা ॥

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশের টাকা লেনদেনের জেরে চাচার হাতে ওমান ফেরত ভাতিজা বাবু (২৪) নিহত হয়েছে। সোমবার (১১ আগস্ট ) দুপুরে উপজেলার বড়গাঁও এলাকার গাজী বাড়ীতে এই ঘটনা ঘটে।

নিহত বাবু গাজী ওই বাড়ীর রৌশন আলীর ছেলে। তার চাচা হাসান গাজী ও চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ও গুরুতর আহত হয়ে নিহতের ভাই আরমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক হাসান (৪০) এবং তার ছেলে সাকিলকে (২৩), তাদের সাথে থাকা আরেক ঘাতক রাকিব হোসেন (১৯) কে আটক করে।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা রওশান গাজী বলেন, প্রবাসে ছেলে বাবুর কাছে কিছু টাকা পাবে বলে হাসানের সাথে বিরোধ হয়। এসময় হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে বাবু মারা যায়। এদিকে গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীরা জানান, বাড়ির প্রবাসী হাসান এবং তার ভাতিজা বাহার হোসেন বাবুর মধ্যে বিদেশ পাঠানোর টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত এক মাস আগে বাবু ওমান থেকে দেশে ফিরলে এই বিরোধ আরও তীব্র হয়। এ নিয়ে বেশ কয়েকটি সমঝোতা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

ইউপি সদস্য ওবায়দুল হক জনান, সোমবার দুপুরে পুনরায় সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই চাচা হাসান ভাতিজা বাবুকে ঘর থেকে ডেকে নিয়ে দুই ছেলে ও পুত্রবধূর সহযোগিতায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন। বাবুকে বাঁচাতে তার বাবা রওশন আলী এবং ভাই আরমান হোসেন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে আরমানের বুকে ছুরিকাঘাত এবং রওশন আলীর মাথায় আঘাত লাগে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে এবং নিহত বাবুর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading

শেয়ার করুন: