সংবাদদাতা:
ফেনীর সোনাগাজীতে নুসরাতের আত্মহত্যাকে হত্যায় রূপান্তর করে ১৬জন নিরাপরাধীকে রিমান্ডে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে বিপুল পরিমাণ টাকা ও স্বীকারোক্তি আদায়কারী ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম ও মূল মাস্টার মাইন্ড সাবেক পিবিআই প্রধান বনজ কুমারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং টাকা ফেরত দেয়ার দাবিতে মানববন্ধন করেছে দণ্ডপ্রাপ্তদের স্বজনরা।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ থানার মোড়ে বিক্ষুব্ধ স্বজনরা এ মানববন্ধন করে। এ সময় তারা ওসি শাহ আলমের বিচার দাবি এবং দণ্ডপ্রাপ্তদের স্বজনদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেয়ার দাবি জানায়।
এদিকে মানববন্ধন চলাকালে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারীসহ কয়েকজন লোক এসে মানববন্ধনকারীদের বাধা প্রদান করে। তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং তাদের এখান থেকে চলে যেতে বাধ্য করে। এ সময় সাংবাদিক ইলিয়াস হোসেনের পরিচালিত একটি চ্যানেলের প্রতিনিধি হামলাকারীদের হাতে হেনস্তা হন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের কাছে জানতে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় আমি তদন্তকারী কর্মকর্তা ছিলাম। আমি তদন্ত প্রতিবেদন দিয়েছি। বিচার করেছে আদালত। এখন তারা ন্যায় বিচার পায়নি তাই মানববন্ধন করেছে।
![]()