মতলব উত্তরে সড়ক সংস্কার কাজে বাধা, দুর্ভোগে দশ গ্রামের মানুষ

 

ফারুক হোসেন ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের জামতলা থেকে তপাদার বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক সংস্কার কাজ বন্ধ করে দেয়ায় অভিযোগ ওঠছে।
জানা যায় , দীর্ঘ ৫০ বছর ধরে ব্যবহৃত এ রাস্তাটি কোনো ধরনের সংস্কার না হওয়ায় দির্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে দশ গ্রামের মানুষের।
চলতি ২০২৪-২৫ অর্থবছরে সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার জন্য ১ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দ দেয়। গত সপ্তাহে সড়কটি নির্মাণ কাজ শুরু হলে গত শনিবার মজুমদার বাড়ির বাসিন্দা- ইব্রাহীম মজুমদার, রফিক মুন্সী, ওসমান ও ওমর মজুমদার মিলে বেড়া দিয়ে কাজ বন্ধ করে দেন। এতে ওই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী মোহাম্মদ নিজাম উদ্দিন সিকদার বলেন, ৫০ বছর ধরে এই রাস্তায় চলাচল হচ্ছে। সড়কটি সংস্কার জন্য ১৭-১৮ বছর ধরে বরাদ্দ পাওয়া যায়নি। এবার বরাদ্দ এসেছে, কাজ শুরু করছে- ঠিক তখনই রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে মজুমদার বাড়ির লোকজন। আমরা চাই, রাস্তাটি দ্রুত সম্পন্ন হোক।
প্রবাসী ফয়েজ আহমেদ বলেন, রাস্তাটির অবস্থা এত খারাপ যে মালপত্র কাঁধে করে নিতে হয়। সরকার রাস্তা করতে চাইছে, আর মজুমদার বাড়ির কয়েকজন ষড়যন্ত্র করে তা বন্ধ করে দিচ্ছে ।
প্রকল্পের ইউপি সদস্য সভাপতি রোকেয়া বেগম জোসনা বলেন, মজুদার বাড়ি থেকে তপাদার বাড়ির রাস্তাটি নির্মাণাধীন। দুই দিন ধরে একটা পরিবার বেড়া দিয়া রাখছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, জুনের মধ্যে প্রকল্পের কাজটি শেষ করতে স্থানীয়দের নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

Loading

শেয়ার করুন: