সাহাদাত হোসেন:
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশ ও প্রবাস) আল্লাহর ঘর মসজিদ নির্মাণ ও উন্নয়ন কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। সংগঠনের উদ্যোগে উপজেলার তিনটি মসজিদে মোট ১০০ বস্তা সিমেন্ট ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) পাঠানচক উত্তর পাড়া বাইতুল নূর জামে মসজিদে ৩০ বস্তা, হরিনা জামে মসজিদে ২০ বস্তা এবং মধ্য মান্দারতলী জামে মসজিদে ৫০ বস্তা সিমেন্ট সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।
স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশ ও প্রবাস)-এর সহ-সভাপতি মোঃ রুবেল ইসলাম রাকিব বলেন- “স্বপ্ন ছায়া বন্ধুমহল একটি সম্পূর্ণ অরাজনৈতিক, বন্ধুভিত্তিক ও পরিবারকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশ ও প্রবাসে অবস্থানরত আমাদের শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সম্মিলিত সহযোগিতায় সংগঠনের অর্থ সংগ্রহ ও কার্যক্রম পরিচালিত হয়।
আজ তিনটি মসজিদে ১০০ বস্তা সিমেন্ট সহায়তা প্রদান সেই ভালোবাসা ও আস্থারই প্রতিফলন। আল্লাহর ঘরের সেবায় যুক্ত হওয়া আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়।”
স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশ ও প্রবাস)-এর প্রচার সম্পাদক হৃদয় আহমেদ শান্ত বলেন “স্বপ্ন ছায়া বন্ধুমহল দীর্ঘদিন ধরে ধর্মীয় ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আল্লাহর ঘরের উন্নয়ন কাজে অংশ নিতে পেরে আমরা গর্বিত। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হরিনা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ই এম আই গাজ্জালী, সংশ্লিষ্ট মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মসজিদ কমিটির পক্ষ থেকে স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশ ও প্রবাস)-এর এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
![]()