মতলব উত্তর প্রতিনিধি :
পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানে মতলব উত্তর উপজেলার কালীপুর বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ষাটনল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি মাদক, ইভটিজিং, নারী-শিশু নির্যাতন, সন্ত্রাস-জঙ্গি, চুরি ডাকাতি ও সামাজিক অপরাধ দমনে সচেতনতামূলক ওই সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. আহসান হাবিব।
তিনি বলেন, অপরাধের বিষয়ে কোন ছাড় নেই। আর মাদক সন্ত্রাস তো চলতেই পারে না। যেকোনো মূল্যে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও অসামাজিক অপরাধ প্রতিহত করা হবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে সবসময় তৎপর রয়েছে পুলিশ।
তিনি আরো বলেন, যেকোনো অপরাধের বিষয়ে কারো কাছে কোন তথ্য থাকলে সাথে সাথে আমাদের জানাবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশ সর্বদা জনগণের সেবক হয়ে কাজ করছে। কারো আশেপাশে চুরি ডাকাতির ঘটনা চোখে পড়লে মতলব উত্তর থানা পুলিশকে অথবা ৯৯৯ এ কল করবেন। আর মনে রাখবেন পুলিশের পাশাপাশি সবাইকেই অপরাধ নির্মূলে সচেতন হতে হবে। তিনি সকলের সহযোগী কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী। ষাটনল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার ও মতলব ডিগ্রি কলেজের জিএস রহমত উল্লাহ চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া, সেকেন্ড অফিসার এসআই মো. হাবিব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদ, মল্লিকেরচর পঞ্চায়েত কমিটির সভাপতি বশিরুল হক বাচ্চু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, ষাটনল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহানারা আক্তার, ষাটনল ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ইলিয়াস মিয়াজী প্রমুখ। সভা শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত মোস্তাফিজুর রহমান।
সভাশেষে সম্প্রতি ডাকাতি হওয়া মতলব গজারিয়া রুটের মল্লিকচর স্থানটি পরিদর্শন করেন এসএসপি আহসান হাবিব ও মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা।
বিকালে ষাটনল ইউনিয়নের মালয়পাড়া ও সুগন্ধী বাজারে অপরাধ দমন বিষয়ক সচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সভা করা হয়।
![]()