মো. মহিউদ্দীন
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীনভাবে ড্রেজার দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) ড্রেজারের মাধ্যমে কাটার দায়ে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মোসাদপাড়া এলাকার বাসিন্দা মো. আবুল কাশেম (৭৪) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।