কৃষি মাঠের পুকুর থেকে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার

 

হাসান মাহমুদ ॥

চাঁদপুরের হাজীগঞ্জে বিলের মাঝে অবস্থিত একটি পরিত্যক্ত পুকুর থেকে ফুলমতি বেগম (৭৫) নামের এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামের পশ্চিম মাঠ (বিল) থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি পাশ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার উপাদি গ্রামের মিজি বাড়ির মরহুম আশরাফ আলী মিয়াজীর স্ত্রী। এদিন সকালে নাসিরকোট বিলে শ্রমিকেরা কাজ করতে যাওয়ার সময় পুকুরে মরদেহের সন্ধান পায়। পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত নারীর মেয়ে পিয়ারা বেগম জানান, তার মা মানসিক প্রতিবন্ধী। ৭ দিন আগে তিনি তার মাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। গতকাল শুক্রবার দুপুরে তাকে গোসল করিয়ে রোদে বসিয়ে তিনি পারিবারিক কাজে যান। কাজ শেষে ফিরে এসে দেখেন তার মা ওই স্থানে নেই এবং তাকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, আত্মীয়-স্বজন’সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও মাকে না পেয়ে শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত এলাকায় মাইকিং করিয়েছি। কিন্তু রাতভর কোন খোঁজ খবর পাইনি। সকালে ফেসবুকে খবর পেয়ে এসে দেখি মা এখানে মরে পড়ে আছে। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ মিয়া জানান, কাঁদা মাটিতে বড় একটি পুতুল মনে করে এবং পুতুল ভেবে স্থানীয় উৎসুক লোকজন পুকুর পাড়ে ভিড় করে। খবর পেয়ে এসে জানতে পারি নারীর লাশ কাঁদা মাটিতে দেবে আছে। পরে আমি পুলিশকে খবর দেই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার জানান, ফুলমতি বেগমের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Loading

শেয়ার করুন: