হাঁস চুরির অপবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা

 

ফরিদগঞ্জ ব্যুরো :

হাঁস চুরির অপবাদ দিয়ে বাড়িতে সালিসের নামে বিচার বসিয়ে দোষী সাব্যস্ত করে নাকে খত দেওয়া ও জরিমানা করার কারণে মো. মাসুম মিজি (২০) নামে এক যুবককে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে—এমন অভিযোগে মামলা দায়ের হয়েছে।

ওই যুবকের পিতা আলাউদ্দিন মিজি বাদী হয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত আরও বেশ ক’জনকে আসামি করে সোমবার (৯ মার্চ ) রাতে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন।

এর আগে গত ৮ মার্চ রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের মিজি বাড়িতে যুবক মাসুম মিজি নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মামলা সূত্রে জানা গেছে, নছিমন চালক আলাউদ্দিন মিজির বড়ো ছেলে মাসুম মিজির বিরুদ্ধে হাঁস চুরির অভিযোগ উঠে। এই ঘটনাকে কেন্দ্র করে গত ৭ মার্চ মাসুম মিজির ঘরে অভিযুক্তরা এসে তাকে মারধর করে।

পরদিন ৮ মার্চ সকালে সালিস বসিয়ে বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সালিসের রায় অনুসারে মাসুমকে নাকে খত দিতে বাধ্য করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিচারের পর ওই দিন বিকেলেই অপবাদ সইতে না পেরে মাসুম নিজের ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুরে প্রেরণ করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই যুবকের পিতা আলাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অন্যদিকে আলাউদ্দিন দাবি করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি আসামিদের আটক ও বিচার দাবি করেন।

Loading

শেয়ার করুন: