নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। সভায় গত মাসের কার্যবিবরনী পাঠ ও সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জামাল হোসেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠান ১০ জানুয়ারি। এর জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনার জন্য সকল যন্ত্রপাতি এসেছে। জেলা তথ্য অফিস আমাদের সাথে সমন্বয় করে কাজ করবেন। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ বিভাগ ব্যবস্থা নিবে। উপজেলা পর্যায়ে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ জেলা প্রশাসনের সাথে সার্বিক যোগাযাগ রক্ষার জন্য নির্দেশনা দেয়া হয়। উপজেলা পর্যায়ে ১০ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন লাইভ দেখানোর ব্যবস্থা করবে।
হাইমচর উপজেলা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার হাইমচরে নির্বাচন কমিশনার কবিতা খানম হাইমচরে আসবেন। সেখানে একটি আইন শৃঙ্খলা মিটিং হবে।
তিনি বই উৎসব সম্পর্কে বলেন, চাঁদপুরে এ বছর বই উৎসব বড় ধরণের আয়োজন হয়নি। আগামীতে বড় ধরণের উৎসব করে বই উৎসব করার ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয়ভাবে বড় ধরণের বই উৎসব করার জন্য কোন নিদের্শনাও ছিলো না।
মাহমুদ জামান বলেন, চাঁদপুর জেলা প্রশাসন মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ নিয়ে সব সময়ই কাজ করে আসছে। আগামীতে এই কাজটি অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক বলেন, সম্প্রতি সময়ে ফরিদগঞ্জে ২২৭জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। এই কাজে উপজেলা প্রশাসন, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও গণমাধ্যম সর্বাত্মক সহযোগিতা করেছেন। এই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই।
জিআরপি থানার ওসিকে উদ্দেশ্যে কলে জেলা প্রশাসক বলেন, রেললাইনের পাশে যারা অবৈধভাবে ব্যবসা করে এবং দোকান বসায় তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ এবং জরিমানা করা যাবে। এই বিষয়ে জিআরপি থানার ওসিকে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। কারণ যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর শহরে ব্যাপক অভিযান পরিচালনা করছেন। শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ে অভিযান জোরদার করতে হবে। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় মাদকের ভয়বহতা বেশী।
শহরের হাসপাতালগুলোতে রোগী ভর্তি সম্পর্কে তিনি বলেন, বেসরকারি হাসপাতালে গর্ভবতী মা ভর্তি হলে তার এনআইডি লাগবে। যদি না থাকে তাহলে স্বামী/নিকটতম আত্মীয় এর এনআইডি দিয়ে ভর্তি হতে হবে। সম্প্রতি সময়ে বেসরকারি হাসপাতালে কয়েকটি ঘটনা আমাদের নজরে এসেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত নির্দেশনা দেয়া হবে।
![]()