নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরে পুলিশের অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় ২৩ বস্তা চোরাই কাপড় ও ৪৫ বস্তা জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাবিব বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালগাছতলা এলাকা থেকে এসব জব্দ করা হয়। এসময় ব্যবসায়ী হাবিব বেপারীকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র সিলেট থেকে ঢাকায় না নিয়ে চাঁদপুরে ভারতীয় কাপড় ও জিরা এনে মজুত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই গাজী কালাম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে পরিত্যক্ত একটি ঘর থেকে ৪৫ বস্তা জিরা এবং একটি ভবন থেকে ২৩ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ সময় বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় হাবিব বেপারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাবিব অবৈধভাবে ভারতীয় পণ্য এনে বাড়িতে মজুত করতেন। পরে সুযোগ বুঝে এসব পণ্য রাতের আঁধারে ঢাকার কাওরান বাজারে বিক্রি করা হতো। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। তবে সঠিক মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, জব্দকৃত মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারলে তাকে ফেরত দেওয়া হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()