নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা মৎস্য অফিসের আয়োজনে জাটকা রক্ষা সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, যত জেলে নৌকা আছে সবগুলো তালিকা করে রেজিষ্ট্রশন করা হবে। প্রত্যেক নৌকায় চিপসেট লাগানো হলে সহজেই নৌকাগুলোর অবস্থান জানা যাবে। এই কাজের জন্য একটি এ্যাপস ব্যবহার করা যাবে। যারা তরুন কর্মকর্তা আছেন, তারা উদ্যোগ নেন। টাকার কোন সমস্যা হবে না। এখানে অনেক ব্যাংক আছে যারা স্পন্সর করতে পারে। টাস্কফোর্সে যারা কাজ করেন, যেমন নৌ পুলিশ। তাদেরকে আর বেশী কাজ করতে হবে না। ল্যাপটপে এ্যাপস নিয়ে বসেই কাজ করবেন। কোন নৌকা কোথায় আছে খুব সহজেই জানতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন। তাদের ডেকে আনতে পারবেন, কথা না শুনলে ব্যবস্থা নিবেন।
তিনি আরো বলেন, এই এ্যাপসের আওতায় প্রথমে জেলে নৌকাগুলো আনা হবে। পরবর্তীতে আমরা লঞ্চসহ বাকী নৌযানগুলো আওতায় আনবো। এই সফট্ওয়্যারের মাধ্যমে একটি লঞ্চ আরেকটির অবস্থান জানতে পারবে। একটি আরেকটির সাথে হিট করার আগেই তথ্য জানতে পারবে। বাংলাদেশের কোথাও এই ধরণের সফট্ওয়ার এখনো তৈরী হয়নি। আপনারা উদ্যোগ নেন।
জেলা প্রশাসক বলেন, এ্যাপসের মাধ্যমে আমরা চাঁদপুরের ৫১ জেলের মধ্যে কতজন নৌকা নিয়ে নদীতে এবং কতজন পাড়ে আছে তা জানতে পারবো। এখন অনেক আধুনিক টেকনোলজি হয়েছে। এই বিষয়টা অনেক সহজ মনে হয়। কিন্তু বাংলাদেশে কেথায় এখনো হয়নি। আমরাই চাঁদপুর শুরু করি। কারণ বাংলাদেশের কোথায়ও নৌপথ নিরাপদের জন্য এই ধরণের ব্যবস্থা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করেছেন, তার অংশ হিসেবে আমরা এই পদ্ধতি ব্যবহার করবো। এসব কাজগুলো করতে পারলে আমরা জাটকা ও মা ইলিশ ধরা বন্ধ নিশ্চিত করতে পারবো।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতায়, জবাবদিহীতায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছেন। এই বিষয়টা আমরা চাঁদপুরে নিশ্চিত করতে চাই। জাটকা রক্ষায় অভিযান এ বছর সর্বোচ্চ সুন্দরভাবে করা হবে। এই অভিযানের সাথে আরো অনেক উপকরণ যোগ হবে। যাতে কোনো ভাবে জাটকা এবং মা ইলিশ নিধন না করতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, জেলা নৌকা মালিক সমিতির সভাপতি শাহ্ আলম মল্লিক, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, মতলব উত্তর উপজেরা মৎস্যজীবী লীগ সভাপতি ওমর আলী প্রধানিয়া।
উপস্থিত ছিলেন এনএসআই যুগ্ম পরিচালক আজিজুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, চাঁদপুর নৌ থানার ওসি আবু তাহের খান, চাঁদপুর জেলা মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি হাজী আব্দুল খালেক, সাধারণ সম্পাদক রোটা. হাজী সবে বরাত, বরফকল মালিক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. রফিকুল্লাহসহ বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ।
![]()