নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় গাজী মহলে চুরির ঘটনায় সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মাসুদ রানা গাজী (২৬) ও তার দেয়া তথ্যে মানিক সরকার (২৯) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
একই সাথে চুরি হওয়া ৮ভরি স্বর্ণের মধ্যে ২ ভরি উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত ইয়ামাহা এফজেড (ঢাকা মেট্টো ল ২৫-২৯৭৬) একটি মটর বাইক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ও শুক্রবার (২৫ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে প্রথমে মাসুদ রানা এবং পরে মানিক সরকারকে আটক করেন চাঁদপুর মডেল থানা পুলিশ।
মাসুদ রানা চাঁদপুর সদর উপজেলার পাইকাস্তা গ্রামের আবু কালাম গাজীর ছেলে এবং মানিক সরকার মতলব দক্ষিন উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের করবন্দ গ্রামের নিখিল সরকারের ছেলে।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানাগেছে, গত ১৯ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওয়ারলেছ বাজার এলাকায় স্থানীয় কাউন্সিলর মো. আলমগীর গাজীর বাসার চতুর্থ তলার ভাড়াটিয়া কাজী মহিউদ্দিনের বাসায় চুরি হয়।
এ সময় চোর মাসুদ রানা গাজী ওই বাসার দরজা ও কক্ষে থাকা স্টীলের আলমিরা ভেঙে নগদ ২০ হাজার টাকা এবং ৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এই ঘটনায় রাতেই ভাড়াটিয়া মহিউদ্দিন চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান ঘটনাটি তদন্ত শুরু করেন।
প্রথমে ওই বাড়ীতে কাউন্সিলর আলমগীর গাজীর স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোর ও তার মটর বাইকটি সনাক্ত করেন।
পরে বৃহস্পতিবার সকালে মাসুদ রানাকে ওয়ারলেছ এলাকা থেকে নজরে রেখে হাজীগঞ্জে গিয়ে আটক করতে সক্ষম হন এসআই রাশেদুজ্জামান।
এসআই রাশেদুজ্জামান বলেন, মাসুদ রানার দেয়া তথ্যে এখন পর্যন্ত দুই ভরি স্বর্ণলাংকার উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত মানিক সরকারকে মতলব দক্ষিণ উপজেলার আড়ং বাজার থেকে শুক্রবার সকালে আটক করা হয়। অপরদিকে শুক্রবার সকাল ১১টায় ক্ষতিগ্রস্থ মহিউদ্দিন সরকারের লিখিত অভিযোগটি থানায় মামলায় রূপান্তর হয়। মামলা নং-৫৬।
ক্ষতিগ্রস্থ কাজী মহিউদ্দিন বলেন, ঘটনার সময় আমি বাহিরে ছিলাম। আমি ওয়ারলেছ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপনে’ কাজ করি।
বাড়ীর মালিক ও পৌর কাউন্সিলর মোঃ আলমগীর গাজী বলেন, পুলিশের তাৎক্ষনিক তৎপরতার কারণে চোর চক্র আটক করা সম্ভব হয়েছে। যে কোন অপরাধ সনাক্তে অন্যান্য বাড়ীর মালিকদের সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য অনুরোধ করছি।
![]()