নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, সরকারি চিকিৎসা সেবায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা একান্ত প্রয়োজন। স্থানীয় ও জাতীয় সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার মাধ্যমে শতভাগ মানুষকে সরকারি স্বাস্থ্য সেবার আওতায় আনা সম্ভব। বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করলে ব্যাপক ইতিবাচক ফলাফল পাওয়া যেতে পারে। পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তাদের দেশপ্রেম এবং মানবসেবার ব্রত নিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
জনপ্রতিধিদের স্বাস্থ্য সেবায় সম্পৃক্ত করতে চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তাদের আগ্রহ ও আন্তরিকতা থাকতে হবে।ইউএসএআইডি’র অর্থায়নে ও সেভ দ্য চিল্ড্রেনের ব্যবস্থাপনায় ‘মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে জেলা পরিষদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়ক প্রকল্পের আওতায় ‘মামনি’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বোরহানউদ্দিন।
বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, মুকুবল মিয়াজী, বিল্লাল হোসেন, এস এম আল মামুন সুমন, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল প্রমুখ।
![]()