জাল টাকা দিয়ে কেনাকাটা করতে গিয়ে গল্লাক বাজারে ধরা পড়লো ৪ নারী

 

ফরিদগঞ্জে চার হাজার ৫০০ টাকার জাল নোটসহ চার নারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর ) রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় স্থানীয় ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন—ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে আমেনা বেগম (২৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে শিল্পী বেগম (৪৫), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোয়া গ্রামের আবদুল মালেক মানিকের মেয়ে পাখি বেগম (৩৮) এবং হাসিনা আক্তার (৩০)। তারা সবাই চাঁদপুর জেলা শহর এলাকায় একসাথে বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গল্লাক বাজার এলাকায় জাল টাকাসহ কয়েকজন নারীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।

গল্লাক বাজারের ব্যবসায়ী আবুল হাশেম জানান, “উক্ত নারীরা আমার দোকানে এসে ১০০ টাকার মশার কয়েল কিনে এক হাজার টাকার একটি নোট দেন। টাকাটি হাতে নেওয়ার পর সন্দেহ হলে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের সহায়তায় নিশ্চিত হই যে এটি জাল টাকা। এ সময় তারা দ্রুত সটকে পড়ার চেষ্টা করলে আমরা তাদের আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দিই। পরে চেয়ারম্যান এসে তাদের ব্যাগ তল্লাশি করলে মোট চার হাজার ৫০০ টাকার সমপরিমাণ জাল নোট পাওয়া যায়।”

স্থানীয় গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী বলেন, “জাল টাকাসহ কয়েকজন নারী ব্যবসায়ীদের হাতে আটক হওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে টাকাগুলো যাচাই করি এবং জাল হিসেবে নিশ্চিত হই। এরপর তাদের পরিষদ কার্যালয়ে সাময়িকভাবে আটকে রেখে ফরিদগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, আটককৃতরা চাঁদপুর জেলা শহরে একত্রে বসবাস করতেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর সোমবার (১৯ অক্টোবর ২০২৬) আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন: