নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেছেন, সরকারের পক্ষ থেকে বেদে সম্প্রদায়কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদের প্রয়োজনে আরো প্রশিক্ষণ দেয়া হবে। তাদের পুর্নবাসনের জন্য সরকার নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী দিয়েছেন। বিশেষ করে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে তাদেরকে আরো সুযোগ সুবিধা দেয়া হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে কাজ করছে। এসব বিষয় সাধারণ মানুষ জানেন না। আমাদেরকে বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরতে হবে।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রঞ্জিত শুভ সরকারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক গোলাম আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাঈনুদ্দিন ভুঁইয়া, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, পুলিশ সুপারের পক্ষে পুলিশ পরিদর্শক মো. নাজমুল।
বেদে সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন নেত্রী বেগম, শিমলা আক্তার, জেসমিন বেগম, দেবা দাস ও উত্তম চন্দ্র দাস প্রমূখ।
![]()