যতদিন বাংলা থাকবে ততোদিন নজরুলও থাকবে :শিক্ষামন্ত্রী

আনোয়ারুল হক:

যতদিন বাংলা থাকবে, বাঙালী থাকবে, ততোদিন নজরুল আমাদের হৃদয়ে থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমীতে ৩দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বাংলা সাহিত্যে নজরুলের প্রভাব অনেক। বাংলা সাহিত্যের এমন কোন দিক নেই, যেখানে নজরুল তার কৃতেত্বের ছাপ রেখে যাননি। আমাদের মুক্তযুদ্ধেও নজরুলের অনেক ভূমিকা ছিল। তার রচিত গানের মাধ্যমে মুক্তিযোদ্ধারা অনুপ্রানিত হয়েছি।

দীপু মনি বলেন, চাঁদপুরে সাথেও নজরুলের সম্পর্ক ছিল। তিনি চাঁদপুরে এসেছিলেন এবং এখানে তার অনেক স্মৃতি রয়েছে। চাঁদপুরের আরেক কৃতী সন্তান ‘সওগাদ’ সম্পাদক নাছির উদ্দিনের সাথে তার সখ্যতা ছিল। ‘সওগাদ’ পত্রিকায় নজরুলের অনেক সাহিত্য প্রকাশিত হয়েছে। নজরুলের স্মৃতি ধরে রাখতে অচিরেই এখানে একটি স্মৃতিফলক তৈরি করা হবে।

করোনা ভাইরাস সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ এখনো করোনা ভাইরাসমুক্ত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার সকল প্রস্তুতি নিয়েছে। দেশে করোনা ভাইরাস সংক্রমণ হলে যেন তা ছড়িয়ে না পড়ে, সেজন্য সরকার প্রস্তুতি গ্রহণ করেছে। বিদেশ থেকে যারা দেশে আসছেন তাদেরকে পরীক্ষা না করে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। যেখানে কোয়ারেন্টাইন করা প্রয়োজন সেখানে তা করা হচ্ছে। একই সাথে দেশের জনগণকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ও ছড়াকার পীযুষ কান্তি বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট্য ছড়াকার-শিশুসাহিত্যিক সাবেক সচিব ফারুক হোসেন, মুখ্য আলোচকের বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক ভূঞা, স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইসস্টিটিউটের প্রকল্প পরিচালক সচিব মো. আব্দুর রহিম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।

এরআগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ়্য র‌্যালি বের হয়। র‌্যালীটি শহরের কালীবাড়ি শপথ চত্ত্বর এলাকা প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।

৪ মার্চ থেকে শুরু হয়ে ৬ মার্চপ র্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এসময় কাজী নজরুলের উপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত প্রশিক্ষণ, তথ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Loading

শেয়ার করুন: