মো. মহিউদ্দীন :
‘খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে বেরনাইয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও শাহশরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. মোজাহার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পরানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বিলাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নূর ও হেমায়েতুল ইসলাম সুমন, শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, বেরনাইয়া শাহশরীফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নেয়। বিভিন্ন পর্বের প্রতিযোগিতা শেষে শাহরাস্তির ফাইটার্স এফসি শিবপুর ও পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার চৌরাইশ সূর্য তরুণ ক্রীড়া চক্র ফাইনালে ওঠে। ফাইনাল খেলায় ফাইটার্স এফসি শিবপুরকে পরাজিত করে চৌরাইশ সূর্য তরুণ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্ট সফল করতে সাকিল মীর, সবুজ, আব্দুল আজিজ, রিপন, রাকিব, রিয়াজ, সাগর, সোহেলসহ আয়োজক কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন।