নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, উন্নত দেশের চালকরা গাড়ী থামিয়ে জনগণকে রাস্তা পারাপার করান। আমাদেরও এই ধরণের অনুশীলন প্রয়োজন। সড়কে অনেক ধরণের অব্যবস্থাপনা রয়েছে, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধুমাত্র দিবসের দিনে সচেতনতা নয়,প্রতিদিনই সচেতনতা থাকতে হবে। সড়কের যেখানে অনিয়ম দেখবেন, সেখান থেকেই ছবি তুলে সংশ্লিষ্টদের জানাবেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সড়ক দিবস উপলক্ষ্যে র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুরের সড়কে ছোট যানবাহন বেশি চলছে। ছোট যানবাহনগুলোতেই বেশী দূর্ঘটনা ঘটে। চাঁদপুরে নদী পথেও দূর্ঘটনা কম নয়। আমাদের সতর্ক থাকতে হবে। নিরাপদ সড়ক নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন ভাল কাজ করছে। তাদের মত অন্যরা এগিয়ে আসলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
চাঁদপুরের অতিরিক্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জামাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান, বিআরটিএ চাঁদপুরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রমূখ। সঞ্চালনায় ছিলেন বিআরটিএ চাঁদপুরের সহকারী পরিদর্শক জিয়া উদ্দিন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে শহরের ইলিশ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়।
![]()