আনোয়ারুল হক:
চাঁদপুর শহরের পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেডে কুমিল্লা থেকে বেড়াতে আসা একই পরিবারের ৪জন নিহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহানা বেগম (৩৫), নাতি সাব্বির (১৪) ও নাতনি সামিয়া (১০)।
অহিদা বেগমের বাড়ির কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় কৈলান গ্রামের সুলতান আহমেদ এর স্ত্রী। মেয়ে রেহানা বেগম চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নম্বর উজানি ইউনিয়নের বদরপুর গ্রামের শাহজাহানের স্ত্রী।
নিহতের আরেক মেয়ে শাহিদা বেগম বলেন, তার মা ও বোনসহ ৪জন দুপুরে ঘুরে আসেন বড় স্টেশন মোলহেডে। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাতে তারা সকলেই আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকলকেই মৃত্যু বলে ঘোষনা করেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চত করে বলেন, ঘটনাটি আমরা জেনেছি। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অপরদিকে ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দূর্যোগে কারো হাত নেই। প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যাক্তিদের দাফনের প্রতিজনকে ৩০ হাজার টাকা করে অনুদান করা হয়েছে।
![]()